![]()
‘টাইটানিক’, ‘টারমিনেটর’খ্যাত হলিউড নির্মাতা জেমস ক্যামেরন। সবশেষ ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্জাইজি নির্মাণ করে যিনি নিজের খ্যাতিকে নিয়ে গেছেন অন্য পর্যায়ে। কিছুদিন আগে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
মুক্তির পর ছবিটি বিশ্বব্যাপী ১.৪৫ বিলিয়ন আয় করে বক্স অফিস সফলতা পেলেও আগের দুই সিনেমাকে আয়ের দিক থেকে ছাড়িয়ে যেতে পারেনি। এই আয় আগের কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর তুলনায় প্রায় ৮৭০ মিলিয়ন ডলার কম।
আর এই বিষয়টিই নির্মাতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
তাই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, ‘অ্যাভাটার ফোর’ কি নির্মিত হবে? বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক জেমস ক্যামেরন। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলেও নতুন ছবি নির্মাণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি তিনি। খুব অল্প কথাতেই পরবর্তী ছবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আলোচিত এই নির্মাতা।
সোমবার (৯ মার্চ) স্যাটার্ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সিনেমাটির চতুর্থ কিস্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েন জেমস। সেখানে তার একটি মাত্রই বক্তব্য ছিল- ‘অনেকটাই সম্ভাবনা আছে।’ পরিচালকের এই বক্তব্য থেকেই অ্যাভাটার ভক্তরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে।
তবে জেমসের ইঙ্গিত, সবকিছুই নির্ভর করছে দর্শকদের প্রতিক্রিয়া এবং বক্স অফিস আয়ের ওপর। তাই চতুর্থ কিস্তির জন্য সিনেমাপ্রেমীদের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই।
বিনোদন ডেস্ক





