আইয়ুব বাচ্চুকে প্রধানমন্ত্রী পছন্দ করতেন, তার গান শুনতেন: চন্দনা

Written by

in

ব্যান্ড মিউজিকের কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পেয়েছেন তিনি। প্রয়াত এই শিল্পীর মরণোত্তর সম্মাননাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়।

পদক গ্রহণের পর আবেগাপ্লুত চন্দনা বলেন, ‘আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে এই সম্মান পেয়ে নিঃসন্দেহে আরও বেশি খুশি হতেন। পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় উঠে আসে অতীতের স্মৃতি।’

ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় হয় চন্দনার। তার ভাষ্য, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন, তিনি আইয়ুব বাচ্চুর গান পছন্দ করতেন এবং একটা সময়ে নিয়মিত শুনতেনও।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল- এমন প্রশ্নে গণমাধ্যমকে বাচ্চুপত্নী বলেন, ‘কুশলাদী বিনিময় হয়েছে। তিনি বলেছেন, ‘আইয়ুব বাচ্চুকে পছন্দ করতেন। তার গান শুনতেন, গানগুলো তার ভালো লাগে’। আমিও তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছি। তার হাত ধরে যেন দেশের সুন্দর পরিবর্তন আসে এই প্রত্যাশা করেছি।’

সময় স্বল্পতা না থাকলে প্রধানমন্ত্রীর কাছে আরও কিছু বিষয় তুলে ধরতেন জানিয়ে চন্দনা বলেন, ‘সময়টা খুব অল্প ছিল। বইমেলা উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর তাড়া ছিল, আর স্বাভাবিক নতুন একটা দায়িত্ব নিয়েছেন মন্ত্রণালয়েও অনেক কাজ। আমাদের বেশি কথা বলার সুযোগ হয়নি। যদি সময় পেতাম, তাহলে হয়ত সংগীতাঙ্গনের কিছু বিষয় তুলে ধরতে পারতাম। তবুও পদক গ্রহণের মুহূর্তটা অন্যরকম ছিল।’

পদকপ্রাপ্তির পর আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি-এর অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, এই সম্মান কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; এটি আইয়ুব বাচ্চুর আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধার প্রতিফলন।

উল্লেখ্য, ‘রুপালি গিটার’, ‘ঘুম ভাঙা শহর’, ‘সেই তুমি’, ‘এক আকাশের তারা’ সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *