Home / Entertainment / সহ-অভিনেতার ‘ওজন কমানোর’ বই উপহারে রবির তীব্র প্রতিক্রিয়া

সহ-অভিনেতার ‘ওজন কমানোর’ বই উপহারে রবির তীব্র প্রতিক্রিয়া

হলিউড তারকা মার্গট রবি বরাবরই আত্মবিশ্বাসী এবং স্পষ্টভাষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ারের শুরুর দিকের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরে আবারও প্রমাণ করলেন, নিজের মর্যাদার প্রশ্নে তিনি কখনো আপস করেন না। 

কমপ্লেক্স-এ পপ তারকা চার্লি এক্সসিএক্সের সঙ্গে আলাপচারিতায় অস্কার-মনোনীত এ অভিনেত্রী ও প্রযোজক স্মৃতিচারণ করে জানান, ক্যারিয়ারের একেবারে শুরুতে এক পুরুষ সহ-অভিনেতা তাকে ‘ফ্রেঞ্চ ওমেন ডোন্ট গেট ফ্যাট’ নামের একটি বই উপহার দিয়েছিলেন। বইটি মূলত খাদ্যাভ্যাসে সংযম ও কম খাওয়ার পরামর্শ নিয়ে লেখা। কিন্তু রবির কাছে উপহারটি মোটেও স্বাভাবিক মনে হয়নি। 

তিনি বলেন, ‘খুব, খুব শুরুর দিকে, যার সঙ্গে আমি কাজ করছিলাম, এক পুরুষ অভিনেতা আমাকে বইটা দিয়েছিল। আসলে বইটা ছিল কম খাওয়ার পরামর্শ নিয়ে। তখন আমি মনে মনে একটা গালিও দিয়েছিলাম।’ রবির কথায় স্পষ্ট, তিনি এই উপহারকে নিজের ওজন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবেই দেখেছিলেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

রবি আরও যোগ করেন, ‘সে মূলত আমাকে বোঝাতে বইটা দিয়েছিল যে আমার ওজন কমানো উচিত। আমি সত্যিই অবাক হয়েছিলাম।’ ঘটনাটির কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে ওই অভিনেতা কোথায় আছেন সে বিষয়ে তার কোনো ধারণা নেই। 

২০০৪ সালে প্রকাশিত মিরেই গিলিয়ানোর লেখা ‘ফ্রেঞ্চ ওমেন ডোন্ট গেট ফ্যাট’ বইটি ফরাসি খাদ্যাভ্যাস, পরিমিতি এবং জীবনধারার ওপর ভিত্তি করে রচিত। অনেকের কাছে এটি স্বাস্থ্যকর জীবনযাপনের নির্দেশিকা হলেও, রবির অভিজ্ঞতায় এটি হয়ে উঠেছিল শরীর নিয়ে অযাচিত মন্তব্যের প্রতীক। তবে সেই প্রাথমিক অস্বস্তিকর অভিজ্ঞতা রবিকে দমাতে পারেনি। বরং তিনি ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে। 

‘দ্য ওয়াল স্ট্রিট’ (২০১৩) দিয়ে বিশ্বজোড়া পরিচিতি পাওয়ার পর তিনি একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘সুইসাইড স্কোয়াড’, ‘আই, টনিয়া’, ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ ‘বম্বশেল’, ‘ব্রুকলিন এবং সাম্প্রতিক সময়ের আলোচিত ‘বারবি’ তার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করেছে। 

রবি এখন পর্যন্ত তিনটি অস্কার মনোনয়ন অর্জন করেছেন। ‘আই, টনিয়া’ সিনেমার জন্য সেরা প্রধান অভিনেত্রী, ‘বম্বশেল’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী এবং ‘বারবি’-এর জন্য সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পান তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 

এদিকে আজ থেকে তাকে দেখা যাচ্ছে এমেরাল্ড ফেনেল পরিচালিত ‘উইদারিং হাইটস’ সিনেমায়, যেখানে তিনি অভিনয় করছেন জ্যাকব এলর্ডির বিপরীতে। ব্রিটিশ ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফেনেল বলেন, ‘ক্যাথি চরিত্রটি জেদি, জটিল, কখনো নিষ্ঠুর, আবার একই সঙ্গে আকর্ষণীয়। এমন কাউকে দরকার ছিল, যাকে দর্শক তার সব দুর্বলতা সত্ত্বেও ভালোবাসতে পারবে। সেই বিশাল তারকাসূলভ অবয়ব মার্গটের মধ্যেই আছে।’ 

তবে, ক্যারিয়ারের শুরুর অপমানজনক অভিজ্ঞতা থেকে শুরু করে আজকের সুপ্রতিষ্ঠিত অবস্থান, মার্গট রবির যাত্রা শুধু সাফল্যের গল্প নয়, বরং আত্মমর্যাদা ও দৃঢ়তারও এক অনুপ্রেরণামূলক উদাহরণ। 

আনন্দনগর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *