
রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন ঘিরেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভবিষ্যত সরকার ও ভোটের দিনের আলোচনাই এখন সবার মুখে মুখে।
পিছিয়ে নেই শোবিজ তারকারাও। অভিনয় জগতের অনেক পরিচিত মুখই ভবিষ্যত সরকারের প্রতি নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে রাখছেন। এরই মাঝে নিজের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত এক অভিজ্ঞতার কথা সামনে আনলেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ, যে কারণে এবারো তিনি ভোটকেন্দ্রে যাচ্ছেন না।
জানা যায়, চট্টগ্রাম-১০ আসনের ভোটার হলেও এখন পর্যন্ত কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেননি তিনি। কারণ হিসেবে দর্শকপ্রিয় এ অভিনেতা বলেন, ‘ভোটার হওয়ার পর প্রথমবার খুব উৎসাহ নিয়ে ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিয়েছে। ঘটনাটা আমাকে ভীষণভাবে হতাশ করেছিল। এর পর থেকে আর কখনো ভোট দিতে ইচ্ছে হয়নি।’
বরাবরের মতো এবারো ভোট দেবেন না বলে জানান তিনি। ভোট না দিলেও ভবিষ্যত সরকারের কাছে তার কী প্রত্যাশা তা ব্যক্ত করেন সাজ্জাদ। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমাদের খুব বেশি চাওয়া নেই। চাই নতুন সরকার জনগণের সরকার হোক, আপামর জনসাধারণের হোক।
জনগণের কাছাকাছি থাকুক, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করুক। ব্যস, এতটুকুই। অবশ্যই অনুরোধ করতে চাই, সবচেয়ে বেশি যেটা জরুরি— প্রথমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হোক। চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণের মতো ঘটনাগুলোর কারণে রাস্তাঘাটে বের হতে ভয় পায় মানুষ। এক দিনেই হয়তো আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর অনেক বেশি উন্নতি হয়ে যাবে না, কিন্তু এটলিস্ট বিষয়গুলোকে গুরুত্ব দিক।’
সাম্প্রতিক সাজ্জাদ অভিনীত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। সঙ্গে আসন্ন ঈদ উপলক্ষে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বিনোদন ডেস্ক





