রটারড্যামে পুরস্কার জয়ী ‘মাস্টার’ কত টাকা পাচ্ছে

Written by

in

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) পুরস্কার জিতেছে দেশীয় সিনেমা ‘মাস্টার’। চলচ্চিত্র উৎসবটির ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পুরস্কার পায় সিনেমাটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ‘মাস্টার’ সিনেমার পরিচালক ও অভিনয়শিল্পীদের তরফ থেকে সুখবরটি জানানো হয়।

এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।  অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে। 

আন্তর্জাতিক পর্যায়ে এমন কৃতিত্বের পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। আমাদের পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত ও পুরো টিমকে অভিনন্দন। দেশের জন্য দারুণ একটি দিন।’ 

ফেসবুকে আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে উৎসবে যোগ দেওয়া সিনেমার পুরো টিম।  ভিডিওর ক্যাপশনে মম লিখেছেন, আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’। 

আরও পড়ুন
আরও পড়ুন

সিনেমাটি ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার জিতে নেয়। এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার বেশি)। এছাড়া ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব অর্জনকারী পরিবেশককেও ১৫ হাজার ইউরো দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকার বেশি টাকা পুরস্কার পেয়েছে বাংলাদেশি ছবি ‘মাস্টার’। 

সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প তুলে ধরা হয়েছে যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী। একজন স্কুলশিক্ষকের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং উপজেলা পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব ও নানান সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে এটি নির্মিত হয়েছে। 

পুরস্কার ঘোষণার সময় রটারড্যাম উৎসবের জুরিবোর্ড ‘মাস্টার’ সম্পর্কে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘এটি একজন ব্যক্তির আদর্শ ধরে রাখার সংগ্রামের এক সর্বজনীন গল্প, যিনি শেষ পর্যন্ত ক্ষমতা ও পুঁজিবাদের প্রলুব্ধকর ও বিধ্বংসী শক্তির চাপে পিষ্ট হয়। আদর্শ বনাম দুর্নীতির একটি আপাত সহজ-সরল গল্প হিসেবে শুরু হলেও চলচ্চিত্রটি ধীরে ধীরে অত্যন্ত জটিল ও গভীর স্তরে উন্মোচিত হয়। চমৎকার অভিনয় আর প্রাণবন্ত দৃশ্যায়নের মাধ্যমে মূল চরিত্রটি নৈতিক দোলাচলের বিষয়টি নিপুণভাবে ফুটিয়ে তুলেছে এবং দেখিয়েছে কীভাবে শেষ পর্যন্ত ক্ষমতার জয় হয়।’ 

উল্লেখ্য, এবারই প্রথম এই উৎসবের অফিসিয়াল সিলেকশনে একসঙ্গে বাংলাদেশের ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমা বিভিন্ন বিভাগে অংশ নিয়েছে। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *