
বলিউডে হৃতিক রোশনকে ‘গ্রিক গড’ বলা হয়। জানেন কেন? তার সবুজাভ হ্যাজেল চোখ, তীক্ষ্ণ মুখাবয়ব ও অসাধারণ নাচের পারফরম্যান্স-সব মিলিয়ে ‘কৃশ’ অভিনেতা ভক্তদের কাছে ভীষণ প্রিয়। শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন, অসংখ্য ফিটনেসপ্রেমীও তাকে অনুসরণ করেন এবং তার ডায়েট ও ব্যায়ামের রুটিনের ঝলক দেখার অপেক্ষায় থাকেন।
ভক্তদের আবদার মেটাতে ইনস্টাগ্রামে হৃতিক রোশন ৫১ বছর বয়সেও তার অসাধারণ ফিটনেসের গোপন রহস্য শেয়ার করেছেন। পরিমাণ নিয়ন্ত্রণে কীভাবে ফিট থাকা যায়, তা দেখাতেই ‘ওয়ার’ অভিনেতা তার প্লেটের একটি ছবি পোস্ট করেন, যেখানে ছিল নানা ধরনের খাবার। একাধিক পদ থাকলেও তার প্রতিটি পরিমানই ছিল অল্প। তার প্লেটে ছিল রোস্ট করা জুকিনি, গাজর, ব্রাসেলস স্প্রাউট, ঢেঁড়স, লাল ক্যাপসিকাম, রঙিন বেল পেপার, তন্দুরি চিকেন টিক্কা, পোড়া ব্রোকলি, সবুজ শিম, মুগ ডাল ও সালাদ।
আরেকটি ছবিতে দেখা যায় কুচি করা বিটরুটের সঙ্গে একটি কলা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘কম খান, আরও ভালোবাসুন। কিন্তু প্লেটটা বড় করে সাজান।’
হৃতিক রোশনের সুষম ডায়েট
হৃতিকের প্লেটটা দেখলে যে কেউ বুঝবেন, এটি কোনো এলোমেলো খাবারের সংগ্রহ নয়। পুরো খাবারটাই একটি সুষম ডায়েটের নিখুঁত উদাহরণ। এতে রয়েছে চিকেন ও মুগ ডাল থেকে প্রোটিন, শিম, ঢেঁড়স ও ব্রাসেলস স্প্রাউটের মতো সবুজ সবজি। যেগুলো শুধু ফাইবারই নয়, প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টেও সমৃদ্ধ।
এছাড়াও আছে উজ্জ্বল রঙের বিটরুট, যা শরীরকে ফ্ল্যাভোনয়েড, খনিজ ও ভিটামিন সরবরাহ করে। কলা পটাশিয়ামের ভালো উৎস, যা হজম ও রোগপ্রতিরোধে সহায়তা করে।
সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায় হৃতিকের পোস্টে মন্তব্য করে একজন ভক্ত লিখেন, ‘ঠিক আছে, এটা সত্যিই আমাকে ডায়েট শুরু করতে অনুপ্রাণিত করল, বিশেষ করে ছুটির সময় অতিরিক্ত খাওয়ার পর।’
আরেকজন লিখেন, ‘হঠাৎ করেই আমার সব খাবারের পছন্দ নিয়ে প্রশ্ন উঠছে।’
বয়স পঞ্চাশ পেরোলেও হৃতিক রোশানের সুঠাম শরীর, এনার্জি আর উপস্থিতি প্রমাণ করে যে ফিট থাকা কেবল জিমে ঘাম ঝরানোর বিষয় নয় বরং এটি একটি সচেতন জীবনযাপনের ফল। খাবারের সঙ্গে সঙ্গে হৃতিক নিয়মিত শরীরচর্চাকেও সমান গুরুত্ব দেন। শক্তি প্রশিক্ষণ, কার্ডিও এবং পর্যাপ্ত বিশ্রাম—সবকিছুর মধ্যেই থাকে ভারসাম্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার শৃঙ্খলামাফিক জীবনযাপন। ডায়েট হোক বা ওয়ার্কআউট, তিনি কোনো কিছুই হঠাৎ বা এলোমেলোভাবে করেন না।
সব মিলিয়ে, শারীরিক সৌন্দর্য, ফিটনেসের প্রতি কঠোর শৃঙ্খলা এবং পর্দায় তার প্রভাবশালী উপস্থিতির কারণেই ভক্তরা ও মিডিয়া তাকে ভালোবেসে ‘গ্রিক গড’ বলে ডাকেন।
বিনোদন ডেস্ক





