
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
এই ঐতিহাসিক মুহূর্তে নিজের আবেগ প্রকাশ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেওয়া তার ফেসবুক পোস্টগুলো বিএনপিপন্থি সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ‘বাংলাদেশকে হৃদয় থেকে স্বাগত।’ তার এই সংক্ষিপ্ত অথচ গভীর উক্তিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, নির্মাতা এখানে তারেক রহমানকেই ‘বাংলাদেশ’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে অন্য একটি স্ট্যাটাসে ইতিহাসের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘আজ যা ঘটছে, তা ইতিহাসে চিরদিনের জন্য লেখা থাকবে।’
সোশ্যাল মিডিয়ায় ঝড় বান্নাহর এসব মন্তব্য স্পষ্ট করে দেয় যে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি অসংখ্য মানুষের আবেগ, প্রত্যাশা ও দীর্ঘ অপেক্ষার প্রতিফলন। তরুণ প্রজন্মের এই নির্মাতার স্ট্যাটাসগুলো শেয়ার করে অনেকেই তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। রাজপথ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব মাধ্যমেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নেতা এবং তাকে ঘিরে তারকাদের আবেগঘন প্রতিক্রিয়া।
যুগান্তর প্রতিবেদন





