ভারতীয় সিরিয়ালে ধনকুবের বিল গেটস

Written by

in

দীর্ঘ ১৭ বছর পর অভিনয়ে ফিরেই বাজিমাত করছেন স্মৃতি ইরানি। একতা কাপুরের ধারাবাহিক ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’তে দিয়েছেন চমক! ‌‘ভিরানি পরিবারের’ দরজায় এবার কড়া নাড়তে চলেছেন মার্কিন ধনকুবের বিল গেটস! শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকে নিয়েও।

ইতোমধ্যে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’র নতুন প্রোমোয় বিল গেটসের উপস্থিতির ঝলক পাওয়া গেছে। খুব শিগগিরিই সেই পর্ব প্রচারও হবে। কিন্তু ভারতীয় ধারাবাহিকে আচমকা বিল গেটসের মতো ব্যক্তিত্ব কেন?

ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, এই বিশেষ পর্বের নেপথ্যে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষত অন্তঃসত্ত্বা মহিলা এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা প্রসারে কাজ করে। তার প্রচারের সূত্রেই এই ‘কোল্যাব’।

উদ্যোগটা অবশ্য স্মৃতি ইরানিই নিয়েছিলেন। একাধিকবার বিল গেটসের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাকে রাজি করিয়েছেন। 

ঠিক কেমন দৃশ্যে দেখা যাবে গেটসকে? জানা গেছে, ধারাবাহিকের এক দৃশ্যে তুলসী ও তার মেয়ে পরিধি ভিরানির বদলে যাওয়া সম্পর্কের সমীকরণের উপর আলোকপাত করবেন। তুলসীর ঘরের অশান্তি মেটাবেন বিল গেটস। 

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে এখবর নিশ্চিত করেছেন খোদ স্মৃতি ইরানি। তিনি বলেছেন, ‘ভারতীয় টেলিদুনিয়ার ইতিহাসে এ এক গর্বের মুহূর্ত। দীর্ঘদিন ধরেই এদেশের বিনোদুনিয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য কল্যাণমূলক আলোচনা ব্রাত্য থেকেছে। সেই প্রেক্ষিতেই বিগ গেটসকে এই শোয়ে নিয়ে আসা এক যুগান্তকারী পদক্ষেপ।’

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *