
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় কৌতুক অভিনেতা ফারুক আহমেদ তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার কৌতুক অভিনয় দিয়ে প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। কিন্তু তার জীবনও কষ্ট রয়েছে। সেই কষ্টের আড়ালে তিনি দর্শকদের বিনোদন দিয়ে থাকেন। সম্প্রতি তার জীবনের শোকাবহ দিনের স্মৃতিচারণা করেছেন এ অভিনেতা। যেদিন মাকে হারিয়েছিলেন, সেদিন তিনি রেলওয়ে হাসপাতালে এক বিশাল আয়োজনের শুটিংয়ে ছিলেন।
সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে ফারুক আহমেদ বলেন, মা বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন এবং শুটিংয়ের দিন তিনি ছিলেন আরও বেশি অসুস্থ। মা তখন ছিলেন বোনের বাসায়।
অভিনেতা বলেন, মা যেদিন চলে গেলেন, সেদিন ছিল আমার শুটিং। শুটিং করতেই হবে। রেলওয়ে হাসপাতালে এক বিশাল আয়োজনে শুটিং করছিলেন তিনি। শুটিং শেষ করেই সরাসরি বোনের বাসায় যাব— এমন সিদ্ধান্ত ছিল। তো সকাল ১০টায় শুটিং শুরু হলেও কেন যেন মন বসাতে পারছিলেন না তিনি, শুধু অস্থির অস্থির লাগছিল তার। এরপরও তিনি শুটিং চালিয়ে যাচ্ছিলেন।
এ কৌতুক অভিনেতা বলেন, দুপুর ১২টায় হঠাৎ শুটিং স্পটে আমার গাড়ি। ড্রাইভারকে দেখেই বুঝলাম কিছু একটা ঘটেছে। এ সময় তো গাড়ি আসার কথা না। ড্রাইভার বলল, ‘স্যার রূপনগর আপার বাসায় চলেন।’
ফারুক আহমেদ বলেন, আমি বুঝলাম আমার মা আর নেই। কোনো বিশেষ কারণ ছাড়া এ সময়ে ড্রাইভারের আসার আর কোনো কারণ নেই। ডিরেক্টরকে বলে আমি গাড়িতে উঠলাম। বাসার সামনে লোকজনের ভিড়। গেট দিয়ে ঢুকতেই দেখলাম খাটিয়ায় সাদা কাপড়ে ঢাকা আমার মা। মা……. মা……. এই ছবিটি আজ থেকে ১০ বছর আগের।
বিনোদন ডেস্ক





