
মাঝআকাশে বিমানের সিটে প্রেমিক রাহুল মোদীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ধরা পড়লেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সেই মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাভিনা ট্যান্ডন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি এক ধরনের গোপনীয়তা লঙ্ঘন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমানের সিটে পাশাপাশি বসে হাসিমুখে মোবাইলের স্ক্রিন দেখাচ্ছেন শ্রদ্ধা ও রাহুল। দুজনের মধ্যে ঘনিষ্ঠ ও আনন্দঘন কথোপকথন চলছিল। অভিযোগ উঠেছে, বিমানের এক বিমানসেবিকা চুপিচুপি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
এই ঘটনা নিয়ে রাভিনা ট্যান্ডন লিখেছেন, ‘এটা একেবারেই গোপনীয়তার লঙ্ঘন। কারও ব্যক্তিগত মুহূর্ত এভাবে ধারণ করা এবং ছড়িয়ে দেওয়া অনুচিত। সম্মতি ছাড়া এমন কাজ একেবারেই করা উচিত নয়, বিশেষ করে বিমানের মতো জায়গায় যেখানে ক্রুদের কাছ থেকে পেশাদারিত্ব প্রত্যাশিত।’
রাভিনার মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন অসংখ্য নেটিজেন। অনেকেই মন্তব্য করেছেন, তারকা হলেও তাদের ব্যক্তিগত জীবনের অধিকার আছে। অনুমতি ছাড়া এমনভাবে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া অনৈতিক এবং অশোভন।
প্রসঙ্গত, চিত্রনাট্যকার ও পরিচালক রাহুল মোদী ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘প্যায়ার কা পঞ্চনামা’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। শ্রদ্ধা কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০২৩ সালে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির শুটিং চলাকালে। পরবর্তীতে ২০২৪ সালে আম্বানির পুত্রের বিয়েতে দু’জনকে একসঙ্গে দেখা যায়।
এর আগে রাহুলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা লিখেছিলেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার।’ ওই পোস্টের পর থেকেই বলিউডে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
তবে মাঝআকাশের এই ভিডিও এবং তা ঘিরে রাভিনার কড়া প্রতিক্রিয়া ফের একবার বলিউড তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে।
বিনোদন ডেস্ক





