Home / Entertainment / হানিয়া আমিরকে নিয়ে সিনেমা করে বিপাকে দিলজিৎ

হানিয়া আমিরকে নিয়ে সিনেমা করে বিপাকে দিলজিৎ

দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাক অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করেছেন ‘সর্দারজি ৩’ সিনেমায়। ভারতে মুক্তি দেওয়া হচ্ছে না সিনেমাটি। 

গতকাল  সোমবার (২৩ জুন) এ সিনেমার প্রথম ঝলক মুক্তি পাওয়ার পরই গায়ক-নায়কের সব কাজ নিষিদ্ধ করার আবেদন জানায় ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। সংগঠনের সভাপতি বিএন তিওয়ারি বলেছেন, দিলজিৎ জাতীয় অনুভূতিকে অসম্মান করেছেন। ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগকে অপমান করেছেন। নিজের দেশের শিল্পীদের থেকেও তিনি পাকিস্তানি প্রতিভার প্রতি বেশি আগ্রহী, যা অত্যন্ত দুঃখজনক এবং একেবারেই কাঙ্ক্ষিত নয়। 

সম্প্রতি দিলজিতের একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বিনোদন দুনিয়াকে দেশ-সীমা-জাতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানিয়েছেন ‘সর্দারজি ৩’ সিনেমার অভিনেতা। তিনি বলেন, আমি বিশ্বের একটি অংশ। গোটা বিশ্ব আমার মাতৃভূমি।

আরও পড়ুন
আরও পড়ুন

পেহেলগামকাণ্ডের পর থেকে ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ। এদিকে এ সিনেমায় দিলজিতের বিপরীতে নায়িকার ভূমিকায় পাক-অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক মাধ্যম ভেসে যাচ্ছে দিলজিতের কটাক্ষে। পাক নায়িকার সঙ্গে অভিনয় করার জন্য তাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করার দাবিও উঠেছে বলিউডে। এমন পরিস্থিতিতে নায়ক-গায়কের সাক্ষাৎকার নতুন করে চর্চিত হচ্ছে ভারতে।

সম্প্রতি গ্র্যামি সম্মান মঞ্চে যোগ দিয়েছিলেন দিলজিৎ। সেখানে সভাপতি পানোস এ পানায় দিলজিতের সাক্ষাৎকার নিয়েছিলেন। ‘সর্দারজি ৩’ বিতর্ক নিয়ে তিনি সরাসরি কিছু না বললেও বিশ্বের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন। 

দিলজিৎ বলেন, বিশ্বের দেশগুলো পরস্পর যুদ্ধে লিপ্ত। এ বিষয়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমি বিশ্বাস করি, একমাত্র সংগীত কিংবা সাংস্কৃতিক আদানপ্রদান সব জাতির মানুষের মনে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে। একই সঙ্গে দিলজিৎ গর্বিত ও ধন্য যে তিনি এ দুনিয়ার প্রতিনিধি বলেও জানান।

তিনি বলেন, এবার সীমান্ত-জাতির ঊর্ধ্বে উঠে সব কিছু বিচার করার সময় এসেছে। মাতৃভূমির প্রতি আমাদের আরও যত্নশীল, আরও মনোযোগী হতে হবে। কারণ আমি মনে করি, গোটা বিশ্বই আমার মাতৃভূমি। আমি তার অংশ। 

দিলজিৎ বলেন, রাজনীতি তার বিষয় নয়। তাই এ বিষয়ে ভুল বক্তব্য পেশ করে নতুন জটিলতা সৃষ্টি করতে চান না।তার কাছে প্রতিটি মুহূর্ত মূল্যবান। তিনি জীবন উপভোগ করতে ভালোবাসেন।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *