Home / Entertainment / ট্রল থেকে ট্রেন্ডিংয়ে জোভানের সেই নাটক

ট্রল থেকে ট্রেন্ডিংয়ে জোভানের সেই নাটক

ঈদ উপলক্ষে নির্মিত নাটক ‘আশিকি’ যেন এক অনন্য উত্থানের গল্প হয়ে উঠেছে। ইমরোজ শাওনের পরিচালনায় এই নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। তবে প্রচারের আগে নাটকের ট্রেলার প্রকাশ পেতেই শুরু হয় সমালোচনার ঝড়। গিটার হাতে গান গাওয়ার সময় জোভানের অভিব্যক্তিকে অনেকেই ‘অতিনাটকীয়’ বলে আখ্যা দেন। ফেসবুকের নানা পেজ ও গ্রুপে চলে ট্রল, তৈরি হয় অসংখ্য মিম ও ব্যঙ্গচিত্র।

তবে নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার পরই দৃশ্যপট পাল্টে যায়। দর্শকরা ভিড় করতে শুরু করেন নাটকটি দেখতে। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি উঠে আসে দ্বিতীয় স্থানে—নাটকের ঘরানায় যা সর্বোচ্চ।

ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর ৮ জুন সিএমভি ইউটিউব চ্যানেলে আসে ‘আশিকি’। মাত্র দুই দিনেই ভিউ সংখ্যা ছাড়ায় ৬০ লাখ। ইউটিউব লিঙ্কের নিচে জমা পড়েছে ৯ হাজারেরও বেশি মন্তব্য, যার বেশিরভাগই নাটকটির গল্প ও অভিনয়ের প্রশংসা।

নাটকের গল্পে দেখা যায়, বাবার স্বপ্ন পূরণে ছোট শহর থেকে বড় শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। তার গান গাওয়ার দক্ষতা থাকলেও সে দেখতে সাধারণ, চেহারায় দাগ, দাঁত বড়—এইসব কারণে সমাজে অবহেলিত। একসময় সে প্রেমে পড়ে ধনী পরিবারের মেয়ে জেসিয়ার। কিন্তু প্রেমের প্রস্তাবে জেসিয়া প্রকাশ্যে অপমান করে তাকে। এরপর এক নামকরা সংগীত পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে ধীরে ধীরে গায়ক হিসেবে নিজের জায়গা তৈরি করে আশিক।

নির্মাতা জানান, ‘আশিকি’ কেবল একজন শিল্পীর সংগ্রাম ও সাফল্যের গল্পই নয়, এটি এক অসম প্রেমের আবেগঘন বিবরণও বহন করে।

নাটকে জেসিয়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা, আর বিশেষ চমক হিসেবে একটি দৃশ্যে দেখা গেছে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকে।

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *