Home / Entertainment / ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, যা বললেন কারিনা

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, যা বললেন কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ উঠেছে। অভিনেত্রীর লেখা বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ থেকে এ অভিযোগের সূত্রপাত। কারিনার বিরুদ্ধে এ অভিযোগ আনেন আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

এর আগে গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল— ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। তার লেখা বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’-এর ওপরেও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি। এ বইয়ের নামও খ্রিস্ট ধর্মের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ।

কারিনা তার আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভাটের মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার। মধ্যপ্রদেশ হাইকোর্টে এ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশের পর কারিনা জানিয়েছিলেন— এ বই তার কাছে তৃতীয় সন্তানের মতো।

উল্লেখ্য, আইনজীবী তথা সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্টনি দাবি করেছিলেন— কারিনার বইয়ে ‘বাইবেল’ শব্দটির ব্যবহার খ্রিস্টধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে। তিনি অভিযোগ করেন, খ্রিস্টধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই। কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেই ঠিক হয়নি।

কারিনা নিজের বই সম্পর্কে জানিয়েছিলেন, সন্তান ধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এ বই লেখার সফর তার কাছে একটি বিশেষ সফর হয়ে থাকবে। তিনি বলেন, এই সময়টা ভালো-খারাপ মিলিয়ে কাটে। কোনো দিন আমি কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম। আবার কোনো দিন বিছানা থেকে উঠতেও আমার কষ্ট হতো। এই সময়ে শারীরিক ও মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়েই লেখা এ বই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *