Home / Entertainment / মধুচন্দ্রিমায় যাচ্ছেন না পরিণীতি, থাকছেন শ্বশুরবাড়িতেই

মধুচন্দ্রিমায় যাচ্ছেন না পরিণীতি, থাকছেন শ্বশুরবাড়িতেই

রাজস্থানের উদয়পুরে রোববার রাজকীয় ঢঙে চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে রোববার বিয়ে সারেন তারা। 

উদয়পুরে বিয়ে সেরে দিল্লিতে শ্বশুরবাড়ি ফিরেছেন পরিণীতি। আপাতত রাজধানীতে রাঘবের বাংলোতেই থাকছেন তিনি। বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনা নেই যুগলের। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে কোনো কমতি রাখতে চান না তারা।

জানা যায়, বিরাট-আনুশকা, দীপিকা-রণবীর, প্রিয়াংকা-নিকের মতো একাধিক শহরে রিসেপশন পার্টির আয়োজন রাখছেন রাঘব ও পরিণীতি। দিল্লিতে জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তার বেশিরভাগ আত্মীয়-পরিজন এবং বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই সেখানে একটি রিসেপশন পার্টি থাকছেই।

তবে খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হতে যাচ্ছে সেই আয়োজন। গুরুগ্রামের ‘দ্য লীলা অ্যাম্বিয়্যান্স’ হোটেলে রিসেপশন পার্টির মেন্যুও নাকি চূড়ান্ত করে ফেলেছেন দুই পরিবারের সদস্যরা। দিল্লি ছাড়াও মুম্বাইয়ে থাকছে একটি রিসেপশন পার্টির আয়োজন। পরিণীতি পেশায় যেহেতু বলিউড অভিনেত্রী, স্বাভাবিকভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতেও বসবে আর একটি প্রীতিভোজের আসর।

মধুচন্দ্রিমা নিয়ে এখনই মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, বিয়ের পালা শেষ হলে নিজের আসন্ন ছবির প্রচারে ফিরবেন অভিনেত্রী। সেই কারণে নাকি এ মুহূর্তেই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না নবদম্পতির।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *