Home / Entertainment / ক্যামেরা সরতেই বন্ধুকে একহাত নিলেন সারা

ক্যামেরা সরতেই বন্ধুকে একহাত নিলেন সারা

সারা আলি খান ও জাহ্নবী কাপুর। বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই নায়িকা। অভিনেত্রী হিসাবে রুপালি পর্দায় পা রেখেছেন একই সময়ে। একে অপরের খুব ভালো বন্ধু। 

বলিউডের দুই বড় পরিবারের সন্তান তারা। নিজেদের পরিচিতিও তৈরি করেছেন ইতোমধ্যেই। তবে বলিপাড়ার ভালো বন্ধু হিসেবে তাদের যে পরিচিতি, তা কি আদৌ টেকসই?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের অনুরাগীদের উদ্দেশে সারা লেখেন- ‘আরও বই পড়ুন।’ ছবিতে বইয়ের তালিকায় রয়েছে ‘দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড’, ‘ইন্ডিয়া সিন্স ইনডিপেনডেন্স’-এর মতো বই। 

তবে যে বই নজর কেড়েছে নেটাগরিকদের, সেটা হলো ‘আউশভিৎজ: আ হিস্টরি’। তবে কি ‘বাওয়াল’ বিতর্কের পর নাম না করেও জাহ্নবীকেই নিশানা করছেন সারা? ওই বই দেখেই বিতর্কের সূত্রপাত।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ ছবিটি মুক্তির আগে ও পরে একাধিক বিতর্কে জড়িয়েছে। বরুণ ধওয়ান ও জাহ্নবী কাপূর অভিনীত এ ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হলোকস্টের সঙ্গে এক যুগলের সম্পর্কের টানাপড়েনের তুলনা টেনেছেন পরিচালক।

হলোকস্টের মতো নির্মম এক ঐতিহাসিক অধ্যায়কে বলিউডি রোমান্টিকতার ছাঁচে ফেলাটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে আগেই গুঞ্জন শুরু হয়েছিল। ওটিটি প্ল্যাটফর্মের ছবি মুক্তি পাওয়ার পরে তা নিয়ে আলোচনা আরও বেড়েছে। 

এমনকি ছবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছে ইহুদি মানবাধিকার সংস্থা সাইমন ওয়াইসেনথল সেন্টারও। ছবির হয়ে কথা বলতে গিয়ে সমালোচিত হয়েছে বরুণ ও জাহ্নবী দু’জনেই। 

কারও নাম উল্লেখ না করলেও এবার কি জাহ্নবীকে উদ্দেশ্য করেই তির্যক মন্তব্য করলেন ‘বন্ধু’ সারা? অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট উস্কে দিল সেই গুঞ্জনকেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *