Home / Entertainment / বাংলাদেশিদের আমন্ত্রণ জানালেন সালমান খান

বাংলাদেশিদের আমন্ত্রণ জানালেন সালমান খান

ভারতে মুক্তির চার মাস পর আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। দেশের প্রায় ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

শুক্রবার বাংলাদেশি দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিকমাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করেন সালমান খান। তিনি ক্যাপশনে লেখেন— আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক ও বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান! 

সালমানের এ পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তার বাংলাদেশি ভক্তরা।

আরও পড়ুন:

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। মনে হচ্ছে আরও হল বাড়বে। কারণ শেষ পর্যন্ত ‘এমআর-৯’ ছবিটি ইংরেজিতে মুক্তির কারণে অনেক একক হল আমাদের ছবিটি নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। এ কারণে একক হল বাড়তে পারে।

জানা গেছে, সালমান খানের এ সিনেমা বাংলাদেশে আনতে খরচ পড়েছে ৫০ লাখ টাকা। যেখানে শাহরুখের ‘পাঠান’ আনতে খরচ হয়েছিল মাত্র ১১ লাখ টাকা। এত বেশি খরচ প্রসঙ্গে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘ছবিটি ভারতে মুক্তির আগেই আমরা চুক্তি করেছিলাম। কারণ এটি সালমানের ছবি। ফলে বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। তখন তো বুঝিনি, সালমান খানের ছবি ভারতে ব্লকবাস্টার হবে না। ভারতে মুক্তির পর চুক্তি করলে এত টাকা দিয়ে ছবিটি নিতাম না। তবে আমদানির শর্তে আছে, যে টাকায় ছবিটি এনেছি, বাংলাদেশের প্রেক্ষাগৃহে যত দিন খুশি তত দিন চালাতে পারব।’
 
ভারতে হিট না হলেও ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকের কাছে প্রত্যাশা আছে এই আমদানিকারকের। তিনি বলেন, ‘আমাদের মূল টার্গেট মাল্টিপ্লেক্সের দর্শক। এখানে প্রচুর সালমান খানের ভক্ত আছে। দেশের মাটিতে বসে বড়পর্দায় সালমান খানকে দেখতে চান ভক্তরা। আর না দেখলে কীসের ভক্ত তারা? আশা করছি সালমানের ছবি দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের চাপ থাকবে। এরই মধ্যে মাল্টিপ্লেক্সে শুক্রবারের বিভিন্ন শোর আগাম অনেক টিকিট বিক্রি হয়ে গেছে।’

ছবিটি আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এতে অন্যান্য চরিত্রে আরও আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেন ফরহাদ সামজি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *