Home / Entertainment / নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন নিরব

নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন নিরব

‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নিজের প্রথম সিনেমা মুক্তির পর থেকেই বেশ ইঙ্গিতপূর্ণ কথা বলে যাচ্ছেন তিনি। শাকিব খানের বিয়ে, সংসার, সন্তান নিয়ে তো টেলিভিশন শোতে মজা করতেও দেখা গেছে নিশোকে।

আজ কলকাতায় মুক্তি পাচ্ছে নিশোর সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটির প্রচারণার জন্য কলকাতায় অবস্থান করছেন নিশো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। 

সেই সাক্ষাৎকারে নিশো মন্তব্য করেছিলেন, বাংলাদেশে আমি তো সো কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।

সেই মন্তব্যের রেশ ধরে নিশোকে প্রশ্ন করা হয়, আপনার ইঙ্গিত কি বিশেষ কারও দিকে? জবাবে নিশো হেসে উত্তর দেন, আমি আমার দর্শনের কথা বলেছি। দর্শনে সংঘর্ষ আসতে পারে। আমি বিবাহিত হলে, সবাইকে বলেই দেব। হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনব না। তবে লুকিয়েও রাখব না। ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই।

নিশোর মন্তব্যের এই পর্যায় পর্যন্ত অনেকে হয়তো শাকিবের প্রতি প্রচ্ছন্ন খোঁচার গন্ধই পেতেন। কিন্তু এর পর নিশো সরাসরি নাম উল্লেখ করেই একই বিষয়ের অবতারণা করেন, যেখানে বলা হয়েছে আরও দুই বাংলাদেশি অভিনেতা নিরব হোসাইন ও ইমনের নাম।

নিশো বলেন, আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটি তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটি নয়। সুপারস্টার, মেগাস্টার যাই হোক না কেন, তার সবটা মিলিয়ে দর্শক তাকে অনুসরণ করেন। আসলে হিরোর ধারণাটা শুধু আমাদের দেশে আছে। হিরো আসেন, বসেন, একটার জায়গায় পাঁচটা চেয়ার দেওয়া হয়। আমার কাছে হিরো বলাটা বড্ড ফেইক মনে হয়। হিরো এবং অভিনেতার মধ্যে বৈষম্য তৈরি করাটা আমার দর্শন অনুমতি দেয় না। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গায়ে মাখেন, সেটা দুর্ভাগ্যজনক।

আফরান নিশো, নিরব ও ইমন দীর্ঘদিন ধরেই একে অপরের ভালো বন্ধু। শোবিজ জগতে তিনজনের আগমনও প্রায় সমসাময়িক সময়ে। শূন্য দশকের প্রথম দিকে মডেলিং দিয়েই বিনোদন ভুবনে তাদের যাত্রা শুরু হয়। পরে ছোটপর্দা মাতিয়ে তারা সবাই চলচ্চিত্রে নাম লেখান। যদিও তিনজনের মধ্যে বড়পর্দায় নিশোই সবার পরে এসেছে। ব্যক্তিগতজীবনে তিনজনের মধ্যকার সম্পর্কটাও বরাবরই উষ্ণ। তবে ব্যক্তিগতজীবন নিয়ে নিশোর সাম্প্রতিক মন্তব্যে সেই উষ্ণতা কতদিন বজায় থাকবে কে জানে।

নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নিরব হোসাইন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে নিরব বলেন, দেশের প্রতিটি মিডিয়া আমার বিয়ের নিউজ ও দুই সন্তান জন্ম নেওয়ার সংবাদ প্রকাশ করেছে যথাসময়ে। এই বিষয়টি নিয়ে আমি কখনই কোনো লুকোচুরি করিনি। সেটি মিডিয়ার সবাই জানে। আমার ভক্তরাও জানে, আমি আমার পরিবার নিয়ে কতটা ওপেন এবং হ্যাপি। সেটা আমার সোশ্যাল হ্যান্ডেল খুললেও যে কেউ দেখতে পারেন। অথচ আমার সেই সততাকে গলা টিপে ধরল আমারই বন্ধু নিশো। তাও আবার দেশের বাইরের একটা গণমাধ্যমে গিয়ে।

এর পরই আক্ষেপ করে নিশোর ছোড়া ইটের জবাবে পাটকেল মারেন নিরব। এ চলচ্চিত্র অভিনেতা বলেন, অথচ লজ্জার বিষয় আজ আর না বলেও পারছি না, আমার বন্ধু আফরান নিশো কবে বিয়ে করল, কয়টা বাচ্চা হলো; সেটি আমি আজও জানতে পারলাম না। ভক্তরা দূরের কথা, মিডিয়ার তেমন কেউ জানে বলেও আমার মনে হয় না। কারণ আমি ২০ বছরের পুরনো বন্ধু হয়েও জানি না। সেই নিশো এখন যদি অন্যদের ব্যক্তিজীবন নিয়ে ফতোয়া দিয়ে বেড়ায়, তা হলে কেমন লাগে বলেন!

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *