
গাজীপুর ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস। এবার ঢাকা–১৭ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারণায় নেমেছেন এ চিত্রনায়ক।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা–১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ফেরদৌস নিজেও। তবে দলটি মনোনয়ন দেন মোহাম্মদ আরাফাতকে। ইতোমধ্যে প্রচারে নেমেছেন আরাফাত। নির্বাচনে জয়ী হতে ব্যাপকভাবে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। এবার তার পক্ষে প্রচারণায় নেমেছেন ফেরদৌস, অভিনেত্রী তারিন, সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
বৃহস্পতিবার তাদের দেখা যায়, রাজধানীর কড়াইল বস্তিতে। ফেরদৌসকে দেখা গেল বস্তিবাসীর সঙ্গে খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলে নৌকার পক্ষের ভোট চাইতে। শুধু তাই নয়, সব বয়সীর সঙ্গে তিনি হেসে হেসে কথা বলছেন, করমর্দন করছেন।
এদিকে তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।
বিনোদন ডেস্ক





