Home / Entertainment / গাজীপুরে নেওয়া হচ্ছে চিত্রনায়িকা মাহিকে

গাজীপুরে নেওয়া হচ্ছে চিত্রনায়িকা মাহিকে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুরে নেওয়া হচ্ছে। শনিবার ঢাকা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির ডিসি মিডিয়া ইব্রাহিম খান। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মাহিকে ঢাকা থেকে গাজীপুরে আনা হচ্ছে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে মাহিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে জিএমপি পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া জিএমপির নর্থের এডিসি রেজওয়ান আহমেদও গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মাহিকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে। 

ওমরাহ পালন করতে সৌদিতে যাওয়া মাহি ফেসবুক লাইভে এসে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।

ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুস’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

গভীর রাতে মক্কা থেকে বাংলাদেশে রওনা দেওয়ার আগে আবারও লাইভে আসেন মাহি। শনিবার সকালে দেশে পৌঁছাবেন জানিয়ে তার আশঙ্কা এ ঘটনার প্রেক্ষাপটে গ্রেফতার হতে পারেন। দেশে আসার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *