স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ অভিনেত্রীর

Written by

in

স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন ভারতের হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করে মুম্বাইয়ের গোরেগাঁও থানায় মামলা করেছেন তিনি।

গত ৩১ জুলাই তার স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক (৬৫) এবং ননদ কীর্তি কৌশিকের (২৯) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগপত্রে অদিতি দাবি করেছেন, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। পাশাপাশি মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা এবং বিয়ের গয়না আত্মসাতের অভিযোগও এনেছেন তিনি।

পুলিশকে দেওয়া বয়ানে অভিনেত্রী জানিয়েছেন, ২০২১ সালের জুন মাসে অনলাইনে একটি অভিনয়ের কর্মশালায় অভিনীতের সঙ্গে তার প্রথম আলাপ হয়। সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে তারা গোরেগাঁও পশ্চিমের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করেন। পরে দুই পরিবারের সম্মতিতে ২০২৪ সালের ১২ নভেম্বর তাদের বিয়ে হয়।

অদিতির অভিযোগ, বিয়ের কয়েক দিনের মধ্যেই স্বামীর আচরণ বদলে যায়। পোশাক-আশাক থেকে শুরু করে সামান্য বিষয় নিয়েও নিয়মিত অশান্তি শুরু হয়। তিনি আরও দাবি করেছেন, সংসারের খরচে সাহায্য করার বদলে তার স্বামী প্রায়ই তার কাছ থেকে টাকা নিতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে সামান্য কফি খাওয়া নিয়ে তর্কাতর্কি হয় ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই নাকি অদিতির চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন তার স্বামী। অভিনেত্রীর দাবি, তার মোবাইল ফোন নিয়মিত খুঁটিয়ে দেখা হত, তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলা হত। পরে স্বামী আলাদা ঘরে থাকতে শুরু করেন বলেও জানান তিনি।

এখানেই শেষ নয়। অভিনেত্রীর আরও অভিযোগ, তাকে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হত। তার বিয়ের গয়না—সোনার চেন, আংটি, হীরার আংটি, ও বালা, সবই নিজের কাছে রেখে দেন শাশুড়ি। একাধিক বার ফেরত চাইলেও সেগুলি আর তাকে দেওয়া হয়নি বলে দাবি অভিনেত্রীর।

অদিতি আরও অভিযোগ করেছেন, পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তার শাশুড়ি ও ননদ সবসময় তার স্বামীর পক্ষ নিয়েছেন এবং তার উপর মানসিক নির্যাতন চালিয়েছেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *