শাবনূরের বিশেষ বার্তা

Written by

in

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিতই নিজের নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং জীবনের নানা ভাবনা-অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে ক্যামেরাবন্দি শাবনূরের হাস্যোজ্জ্বল উপস্থিতি ভক্তদের দৃষ্টি কাড়ে। ছবিগুলোর পেছনে ছিল রঙিন ফুলের মনোরম সাজ, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিগুলোর সঙ্গে একটি অর্থবহ বার্তাও শেয়ার করেন তিনি। শাবনূর লেখেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’

তার এ পোস্টটিতে অধিকাংশ ভক্তই অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন এবং মন্তব্যের ঘরে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা জানান।

কেউ আবার শাবনূরের প্রশংসায় লিখেছেন, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তাঁরার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি যে নাম শাবনূর, শাবনূর, শাবনূর।

একজন ভক্ত লিখেছেন, দূর কে কি বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।

প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ শেষ হয়নি। এরই মধ্যে সিনেমার কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে এখনও দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *