Home / Entertainment / শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, মন খারাপ শ্রীময়ীর!

শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, মন খারাপ শ্রীময়ীর!

রথযাত্রার দিন সকাল থেকেই সাজ সাজ রব। উৎসবের এই বিশেষ দিনে পূজা দিতে তারকারা কেউ পৌঁছে গেছেন পুরীতে, আবার কেউ দিঘার জগন্নাথ মন্দিরে। কেউ আবার প্রতি বছরের মতো বাড়িতেই পূজার আয়োজন করছেন। আর বাড়িতে খুদে সদস্য থাকলে তো কোনো কথাই নেই। তাদের নিয়েই মেতে উঠেন অভিভাবকরা। 

অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বাড়িতেই প্রতি বছর পূজার আয়োজন করেন। এবারও কাঞ্চন শুটিং নিয়ে ব্যস্ত। তাই নিজের মতো করেই পূজার আয়োজন করছেন বলে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। 

অভিনেত্রী বলেন, আমার রথ বানানোই ছিল। ওটাই সাজিয়েছি। কৃষভির জন্যই রথ গোটা বাড়িতে ঘোরানো হয়েছে। সকাল থেকে খুব বৃষ্টি হওয়ায় কৃষভিকে বাইরে নিয়ে বেরোনোর কথা আর ভাবিনি। কাঞ্চন থাকলে পাড়ায় একটু বের হতাম, মেয়ে একটু রথ টানত। বাঁশি বাজাত। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথেই রেখেছি। মিষ্টি দিয়েছি ভোগে।

বাড়ির পূজায় কী কী ভোগ রাঁধলেন শ্রীময়ী? প্রশ্ন শুনে খানিক মন খারাপ করা গলায় অভিনেত্রী বলেন, এবারে অন্নভোগ দেওয়া হয়নি। আমি একা হাতে করে উঠতে পারিনি। কাঞ্চন থাকলে মেয়েকে সামলায়, আমি তখন সব দায়িত্ব নিয়ে নিই। এবার ওর শুটিং পড়ে গেছে। গতকালও রাত দেড়টায় বাড়ি ফিরেছে। তাই এবার জিভেগজা, খাজা, ক্ষীরের মিষ্টি কিনে এনেছি। মালপোয়া, পায়েস তৈরি করেছি। বাড়িতে ঠাকুরমশাই আসবেন। জগন্নাথকে নতুন পোশাক পরিয়েছি। মাথার পাগড়ি পরিয়েছি, আর আজকের দিনে প্রতি বছরই সব গহনা পরাই। এবারও সাজিয়েছি।

শ্রীময়ীর কাছে আজকের দিনে পাঁপড়ভাজা আর জিলিপি খাওয়ার রীতিও মেনে চলেছেন। ইতোমধ্যে তা খেয়েওছেন তিনি। অভিনেত্রী বলেন, ছোট্ট কৃষভি আগের বছরেও রথ টেনেছিল। তবে খুব ছোট থাকায় তা বুঝতে পারেনি। এ বছর নতুন জামা পরে সারাবাড়ি রথ টেনেছে। জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে দেখে তার মুখে এক গাল হাসি। তাই এ বছরের রথ বেশ ভালো করেই উপভোগ করল কৃষভি বলে জানান শ্রীময়ী।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *