ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’

Written by

in

৪০০ বছরের পুরোনো যৌনপল্লী একরাতে গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘রঙবাজার’ সিনেমা। তামজিদ অতুলের গল্পে এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আগামী কুরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে বড় আয়োজনে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রাশিদ পলাশের। কিন্তু বড়পর্দায় আসার আগেই চলতি মাসের শুরুতে সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যায় এর পুরো এইচডি প্রিন্ট। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে ‘রঙবাজার’ সিনেমাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। 

এমন পরিস্থিতিতে পাইরেসির কবল থেকে ‘রঙবাজার’ সিনেমাটি রক্ষা করতে প্রেক্ষাগৃহের আশা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এর ফলে রোববার (১৭ মে)  থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’-এ স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

ওটিটিতে মুক্তি পাওয়া প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ গণমাধ্যমকে জানান, ‘রঙবাজার’ সিনেমাটি  সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ করে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। বড়পর্দার সিনেমা এভাবে আসায় নির্মাতা হিসেবে তার মন খারাপ হলেও পাইরেসির হাত থেকে বাঁচতে প্রযোজকের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেও জানান রাশিদ পলাশ।

বাস্তব ঘটনা অবলম্বনে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’ সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। ‘রঙবাজার’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *